আবু ধাবিতে শাকিরার কনসার্ট
Printed Edition
বিনোদন প্রতিবেদক
বিশ্বখ্যাত সঙ্গীত তারকা ও ল্যাটিন পপ কুইন শাকিরা চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ফিরছেন। জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যাল ‘অফলিমিটস’-এর দ্বিতীয় আসরে প্রধান শিল্পী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৪ এপ্রিল আবু ধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ পার্কে এই মেগা কনসার্টটি অনুষ্ঠিত হবে। কলম্বিয়ান এই সুপারস্টার বর্তমানে তার বিশ্বব্যাপী সমাদৃত ‘লাসমুহেরেস ইয়া নো ইয়োরান’ (নারীরা আর কাঁদে না) ওয়ার্ল্ড ট্যুরে ব্যস্ত রয়েছেন, যার অংশ হিসেবে তিনি এই পারফরম্যান্স করবেন। আয়োজক সূত্রে জানা গেছে, অফলিমিটস ফেস্টিভ্যালটি হবে একটি দিনব্যাপী আয়োজন, যেখানে একাধিক মঞ্চে দেশী-বিদেশী বিভিন্ন ঘরানার শিল্পীরা পারফর্ম করবেন। গত বছর এই উৎসবের প্রথম আসরে মূল আকর্ষণ ছিলেন ব্রিটিশ তারকা এড শিরান। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার শাকিরাকে যুক্ত করে উৎসবটিকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়া হচ্ছে। শাকিরার বর্ণাঢ্য ক্যারিয়ারে এটি আরব আমিরাতে তার চতুর্থ সফর। এর আগে ২০০৭ সালে দুবাই অটোড্রোমে এবং ২০০৮ ও ২০১১ সালে আবু ধাবিতে গান গেয়ে তিনি ভক্তদের মুগ্ধ করেছিলেন। ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করা শাকিরা বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া নারী ল্যাটিন শিল্পী। তার ঝুলিতে রয়েছে ৪টি গ্র্যামি এবং ১৫টি ল্যাটিন গ্র্যামি পুরস্কার। উৎসবের টিকিট বিক্রির বিষয়ে জানানো হয়েছে, ২৪ জানুয়ারি (শনিবার) স্থানীয় সময় সকাল ১১টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৫ দিরহাম থেকে। আবু ধাবির পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করতে এই উৎসব বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইতিহাদ পার্কে শাকিরার এই পারফরম্যান্সকে কেন্দ্র করে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।