প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি

Printed Edition

রিসিভেবলস ম্যানেজমেন্ট কার্যক্রম আরো দক্ষ, স্বচ্ছ ও কার্যকর করতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সাথে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় স্কয়ার টয়লেট্রিজের দেশব্যাপী পরিবেশকদের জন্য একটি কাস্টমাইজড রিসিভেবলস ম্যানেজমেন্ট সলিউশন চালু করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: রাশেদুল হুসাইন এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এফসিএমএ মো: গোলাম কিবরিয়া ও ডেপুটি জেনারেল ম্যানেজার এফসিএমএ মো: মোবারক হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অংশীদারত্বের মাধ্যমে করপোরেট গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন প্রদানে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি আরো জোরদার হলো। এসব সমাধানের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও দৃশ্যমানতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করা সম্ভব হবে।

ব্যবসা প্রতিষ্ঠানের পরিবর্তনশীল চাহিদা পূরণে কাস্টমাইজড ডিজিটাল ব্যাংকিং সলিউশন দেয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে প্রাইম ব্যাংক। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা আরো দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।