আড়াইহাজারে আসামি ধরতে গিয়ে ৬ পুলিশ আহত

Printed Edition

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রসুলপুর গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে (৪৫) গ্রেফতারের উদ্দেশ্যে রাত ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় আসামির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে বাগি¦তণ্ডা থেকে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই অজিত, এএসআই আরিফ, এএসআই ফারুক, এএসআই শরীর, এএসআই সাইফুল ও এএসআই নিজাম আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, প্রায় ১ ঘণ্টা পুলিশ অবরুদ্ধ ছিল। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে আসমাকে স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান বলে দাবি পুলিশের। তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থ হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ওসি আলাউদ্দিন মিয়া বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।