বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার
Printed Edition
বগুড়া অফিস
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হলে ওয়ারেন্টমূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজরদারি চলছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মাঝিড়া বন্দরের কাছে তার অবস্থান নিশ্চিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে ব্যারিকেড দেন। একপর্যায়ে ধাওয়া দিয়ে গাড়ি থামিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি নিজ গাড়িতেই ছিলেন’। তিনি আরো বলেন, বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন আদালতে দাখিল করলে বিচারক অভিযোগটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। মামলার তদন্ত সূত্র জানায়, মামলার প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।