চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকায় প্রায় ১৭ বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: তাজউল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাহমুদুল হাসান প্রকাশ সোহেল ও আইয়ুব আলী প্রকাশ বাবুল। রায়ের সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, এ মামলায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা পরিকল্পিতভাবে মো: পলাশকে ২০০৯ সালের ২৭ আগস্ট বাকলিয়া থানার ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় নিয়ে গিয়ে হত্যা করেন। এ ঘটনার পরদিন (২৮ আগস্ট) নিহতের ভাই মো: সম্রাট বাদি হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০১২ সালের ১২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়া হয়। মামলাটি প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও পরবর্তীতে এটি চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল মামলার রায় ঘোষণা করা হয়।