বার্সার গোল উৎসব
Printed Edition
ক্রীড়া ডেস্ক
শুরুর পর শেষটাও করলেন স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল, করেছেন দুই গোল। মাঝে একবার করে জালের দেখা পেয়েছেন ফের্মিন লোপেজ, রাফিনহা ও পেদ্রি। স্প্যানিশ লা-লিগায় গত পরশু ভ্যালেন্সিয়াকে নিয়ে ছেলেখেলা করে ৫-০ ব্যবধানে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে প্রথমে গোল হজম করেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। ম্যাচ শুরুর ২ মিনিটে মরগান রজার্সের গোলে পিছিয়ে পড়ার পর ২৫ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান কাই হাভারর্টজ। ৫০ মিনিটে করা মার্টিন ওডেগার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ চ্যাম্পিয়ন মিকেল আর্তেতার দল। এদিন লিগে এভারটনের মাঠে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
লা-লিগায় প্রতিপক্ষের মাঠে মেস্তাল্লা স্টেডিয়ামে ৭০ শতাংশ বল পজিশনে রেখে গোলের জন্য নেয়া ২৫ শটের ৯টি লক্ষ্যে রেখে পাঁচবার জালের দেখা পায় বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কাতালানরা। ৬ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। লোপেসের বাড়ানো বল থেকে প্রথম স্পর্শ জালে পাঠান ইয়ামাল।
২২ মিনিটে ডি-বক্সের মাথা থেকে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন লোপেস। ২৫ মিনিটে ইয়ামালের জোরাল শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক ঝাঁপিয়ে ব্যর্থ না করলে তখনি আরো এগিয়ে যেত সফরকারীরা। ৩৯ মিনিটে লোপেসকে গোলবঞ্চিত করেন গোলরক্ষক ও পোস্ট। ৫০ মিনিটে স্কোলাইন ৩-০ করেন রাফিনহা। ইয়ামালের পাস পেয়ে গোলমুখে বল বাড়ান লোপেস। আলতো টোকায় ফাঁকা জাল খুঁজে নেন বার্সেলোনা অধিনায়ক। এ নিয়ে চলতি মৌসুমের প্রথম চার ম্যাচেই গোল পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৭৯ মিনিটে দানি ওলমোর কাছ থেকে বল পেয়ে গতিময় শটে জালে জড়িয়ে দেন পেদ্রি। ৮৪ মিনিটে ভ্যালেন্সিয়ার জালে শেষ পেরেক ঠুকে দলের বড় জয় এনে দেন ইয়ামাল।
লা-লিগায় এ দিন লুকাস বইয়ের হ্যাটট্রিকের সুবাদে ওসাসুনাকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আলাভেজ। মালাগার মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে লেভান্তে। এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলের ড্র ১০ জনের দল সেভিয়ার। লিগে চার রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১০ পয়েন্ট নিয়ে দুই আলাভেজ। ৯ পয়েন্ট করে নিয়ে পরের দু’টি স্থানে রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিস।