‘নিউ মেক্সিকো’ নাম বদলে ‘নিউ আমেরিকা’ প্রস্তাব ট্রাম্পের
Printed Edition
সিএনএন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ করার একটি প্রস্তাবিত মানচিত্র প্রকাশ্যে এনে নতুন বিতর্ক উসকে দিয়েছেন। রোববার তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ অঙ্গরাজ্যটির একটি মানচিত্র প্রকাশ করা হয়, যেখানে ‘মেক্সিকো’ শব্দটি লাল কালিতে কেটে নিচে ‘আমেরিকা’ লিখে দেয়া হয়। পরবর্তীতে হোয়াইট হাউজ তাদের অফিসিয়াল ‘এক্স’ পেজে কোনো অতিরিক্ত ব্যাখ্যা ছাড়াই ছবিটি আবার প্রকাশ করে।
অবশ্য অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের বিষয়ে হোয়াইট হাউজ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট তার প্রশাসনিক ক্ষমতাবলে ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন ব্যবস্থার (জিএনআইএস) অন্তর্ভুক্ত জলাশয় বা ভূমির নাম পরিবর্তন করতে পারলেও, কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের সাংবিধানিক একচ্ছত্র অধিকার তার নেই। এই ধরনের পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিজস্ব অভ্যন্তরীণ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার প্রয়োজন হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় তীব্র সমালোচনা করেছেন নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট গভর্নর মিশেল লুজান গ্রিশাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে জনগণের মনোযোগ ভিন্ন খাতে সরাতেই প্রেসিডেন্ট এই কৌশল নিয়েছেন। তিনি স্পষ্ট জানান, নিউ মেক্সিকোর নাম নিয়ে কোনো আলোচনার অবকাশ নেই। একই বিষয়ে প্রতিবাদ জানিয়ে ডেমোক্র্যাট সিনেটর মার্টিন হেইনরিখ উল্লেখ করেন, মেক্সিকো উপসাগর, লেক অন্টারিও এবং নিউ মেক্সিকো- এই তিন স্থানকে তিনি সবসময় এদের প্রকৃত নামেই অভিহিত করবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জন্মেরও আগে, ষোড়শ শতাব্দী থেকে ‘নিউ মেক্সিকো’ নামের উৎপত্তি ও ব্যবহার শুরু হয়। প্রেসিডেন্ট ট্রাম্প অতীতেও ভৌগোলিক নাম পরিবর্তনের আগ্রহ প্রকাশ করেছেন। ২০২৫ সালের জানুয়ারি মাসে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে তিনি মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ রাখার উদ্যোগ নেন। এ ছাড়া সম্প্রতি কানাডার সাথে বাণিজ্য উত্তেজনার মধ্যে ‘লেক অন্টারিও’র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার আদেশে স্বাক্ষর করেন। তিনি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের বিষয়েও নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।