পাঠ্যবই থেকে ‘ফিলিস্তিন’ মোছার প্রস্তাব টনি ব্লেয়ারের
Printed Edition
মিডল ইস্ট আই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত গাজাবিষয়ক ‘বোর্ড অব পিস’ (শান্তি পরিষদ)-এর প্রতিনিধি হিসেবে রামাল্লা সফরকালে ফিলিস্তিনের পাঠ্যপুস্তক থেকে ‘প্যালেস্টাইন’ বা ফিলিস্তিন শব্দটি বাদ দেয়ার প্রস্তাব দিয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এর পরিবর্তে সেখানে ইহুদিদের দেয়া ‘সামারিয়া’ শব্দটি অন্তর্ভুক্ত করতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) চাপ দেন তিনি। জাতিসঙ্ঘের সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক এ তথ্য জানিয়েছেন। তবে ব্লেয়ারের মুখপাত্র এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
‘ডেভিড হার্স্ট পডকাস্ট’-এ দেয়া এক বিস্তারিত সাক্ষাৎকারে গ্রিনস্টক জানান, গাজায় চলমান যুদ্ধ নিরসনে ইসরাইলের সাথে সমঝোতায় পৌঁছানোর যোগ্যতা প্রমাণে ফিলিস্তিনের পাঠ্যক্রম থেকে ‘ফিলিস্তিন’ শব্দ মুছে ফেলার শর্ত দিয়েছিলেন ব্লেয়ার। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই অন্যায্য দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। পর্ষদের প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে ব্লেয়ার কূটনৈতিক জটিলতায় পড়েছেন উল্লেখ করে গ্রিনস্টক এই উদ্যোগের তীব্র সমালোচনা করেন এবং পর্ষদটির নিরপেক্ষতা ও ঐতিহাসিক জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন।