প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনিচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার ঢাকা সেনানিবাসের সশস্ত্রবাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সাথে তিন সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সশস্ত্রবাহিনীর আধুনিকায়নে ও ‘ফোর্সেস গোল’ অর্জনের লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়।

উভয় পক্ষ দুই দেশের সশস্ত্রবাহিনীর সদস্যদের মধ্যে প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধিদলের সফর, পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়ে একমত পোষণ করেন। এ ছাড়া, আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদি ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা হয়। আইএসপিআর।