আর্সেনাল মাঠে ড্র লিভারপুলের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
এমিরেটস স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ ছিল দর্শকে। আর ম্যাচের শুরু থেকে আবহ দুর্দান্ত। কিন্তু মাঠের লড়াই জমল না তেমন আর্সেনালের। লিভারপুলের বিপক্ষে পুরো ম্যাচেই গোলের জন্য তেমন কোনো সুযোগও তৈরি করতে পারল না। আর নিজেদের মাঠে বল পজিশনেও পিছিয়ে ছিল আর্সেনাল। আর গোলের জন্য নেয়া ৮ শটের ৪টি ছিল লক্ষ্যে। অপর দিকে ৭ শটের একটিও লক্ষ্যে ছিল না লিভারপুলের। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হলো ম্যাচ।
এমরিটেস স্টেডিয়ামে গতকাল এই ড্র’র ফলে টানা পাঁচ জয়ের অপরাজেয় যাত্রা থামল আর্সেনালের। আর চলতি আসরে দ্বিতীয়বার লিভারপুলের বিপক্ষে পয়েন্ট হারাল তারা। দুই দলের প্রথম দেখায় অ্যানফিল্ডে ১-০ হেরেছিল মিকেল আর্তেতার দল। অপর দিকে আসরে টানা তিন ম্যাচে ড্র করল আর্নে স্লটের দল। এই ড্র’র ফলে ১৯ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে তিনে অ্যাস্টন ভিলা। এর পরই ৩৫ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল।
এ দিকে ইতালিয়ান সিরি ‘আ’তে জেনোয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান।