ওয়ানডেতেও নেই লিটন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাঁ পায়ের পেশির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে পারেননি লিটন দাস, খেলতে পারছেন না জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও। এবার জানা গেল, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও তিনি থাকছেন না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় পাওয়া চোটে লিটন দাসের মাঠে ফেরার লড়াই দীর্ঘায়িত হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৪৮ রানের সময় মাঠ ছাড়েন লিটন। পেশির চোট সামলে পরে ফিরে করেন ৫৮ রান। তবে এই চোট তাকে খেলতে দেয়নি টি-২০ সিরিজে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকেও লিটন ছিটকে গেলে অভিষেক হয় অমিত হাসানের। এ দিকে ওয়ানডে সিরিজ খেলতে মেহেদী হাসান মিরাজসহ অন্যরা জিম্বাবুয়েতে গেলেও লিটন যাননি। তিনি আরো পরে দলের সাথে যোগ দেবেন। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান লিটনের প্রথম ওয়ানডেতে খেলার সম্ভাবনা খুবই কম, ‘লিটন কুমার দাস বাঁ পায়ের কাফ মসলের ইনজুরিতে ভুগছেন। এটি এখনো গ্রেড-১ পর্যায়ে আছে। সাধারণত দু-তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা। ইতোমধ্যে দুই সপ্তাহ পার হয়েছে। আশা করছি, তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন। (জিম্বাবুয়েতে) প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা খুবই কম। ফিটনেস টেস্ট এবং অন্যান্য সব প্যারামিটারে পাস করতে পারলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলার সম্ভাবনা আছে।’
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হয়েছে গত রোববার। ৬ জুলাই থেকে হারারেতেই শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৫ জুলাই থেকে বুলাওয়েতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল।