বাবার কবরে শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক পথচলার প্রত্যয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
Printed Edition
ফরিদপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। গতকাল শুক্রবার দুপুরে তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে পৈতৃক ভিটায় পৌঁছালে স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান।
এলাকায় পৌঁছেই প্রতিমন্ত্রী সরাসরি তার বাবা, বিএনপির সাবেক মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম কে এম ওবায়দুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক আবেগঘন প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, ‘আমার মরহুম পিতার দেখানো রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমই আমার পথচলার মূল প্রেরণা। তিনি সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন। আজ নতুন বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি তার সেই সততা ও নিষ্ঠাকে ধারণ করেই এগিয়ে যেতে চাই।’
ফরিদপুর-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এই সংসদ সদস্যকে প্রতিমন্ত্রী হিসেবে কাছে পেয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় লস্করদিয়া গ্রামে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সরকারের এই গুরুত্বপূর্ণ পদে এলাকার কৃতী সন্তানকে পেয়ে স্থানীয়রা উল্লাস প্রকাশ করেন এবং দেশ গঠনে তার সাফল্য কামনা করেন।