মন্ত্রী হয়ে সিলেটে এসে একসাথে দিন কাটালেন দুই মন্ত্রী

Printed Edition

সিলেট ব্যুরো

অতীতে সিলেটে বিএনপির রাজনীতিতে দু’জন দুই মেরুতে নেতৃত্ব দিলেও নির্বাচনী প্রচারণা চালানো থেকে মন্ত্রী হয়ে সিলেট এসে একসাথে দিন অতিবাহিত করলেন খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। এমন অভূতপূর্ব সম্প্রীতির ঘটনায় প্রশংসায় ভাসছেন সিলেটের এই নতুন দুই মন্ত্রী। বিষয়টি ‘টক অব দ্য সিলেট’ হিসেবে আলোচিত হচ্ছে।

সিলেট-১ আসন থেকে খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরী এমপি নির্বাচিত হন।

সরকারি সফরে সিলেট এসে গতকাল শুক্রবার একসাথে জুমার নামাজ আদায়, বাদ জুমা হজরত শাহজালাল (রহ:)-এর মাজার জিয়ারত করেছেন নবনিযুক্ত এই দুই মন্ত্রী। পরে দোয়া মাহফিলেও অংশ নেন। বিকেলে শহরতলীর দণি সুরমা উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলেও যোগ দেন।

তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবং সিলেটের দুই গর্বিত সন্তান মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শোকরানা ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার বাদ জুমা, সিলেটের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দোয়া মাহফিল শেষে একসাথে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন এই দুুই মন্ত্রী।

দোয়া মাহফিলে স্বাগত বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর আজ বাংলাদেশ গণতন্ত্রের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই অর্জন দেশের আপামর জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উপস্থিত ছিলেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।