শেয়ারবাজারে কারসাজি
ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
Printed Edition
- প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাৎ
- ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
শেয়ারবাজারে কারসাজি করে অর্থ আত্মসাতের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের (ওরফে হিরু) ও তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর ও তার স্ত্রী কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো: জাহেদ কামাল, মো: হুমায়ূন কবির তানভীর নিজাম।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে দ্রুত আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে শেয়ারবাজারে বিনিয়োগসংক্রান্ত প্রচলিত আইন ও বিধি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ১৭ ধারা) পরিকল্পিতভাবে লঙ্ঘন করেছেন। তারা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টে অসাধু, অনৈতিক ও অবৈধ উপায়ে ফটকা ব্যবসার মতো সিরিজ ট্রানজেকশনস, প্রতারণাপূর্ণ অ্যাকটিভ ট্রেডিং, গামব্লিং ও স্পেকুলেশনের মাধ্যমে মার্কেট ম্যানিপুলেশন করেন। আসামিরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ার সঙ্ঘবদ্ধভাবে ক্রমাগত কেনাবেচা করে কৃত্রিমভাবে দাম বাড়ান। সাধারণ বিনিয়োগকারীদের এসব শেয়ারে বিনিয়োগে প্রতারণাপূর্বক প্রলুব্ধ করে ব্যাপক ক্ষতিসাধন করেন।
এভাবে তারা ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করেন। অস্বাভাবিক ‘রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের’ নামে অর্জিত ‘অপরাধলব্ধ অর্থ’ শেয়ারবাজার থেকে সঙ্ঘবদ্ধভাবে উত্তোলন করেন। আসামি আবুল খায়ের ওরফে হিরু ও তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহায়তায় ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থের ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপনের লক্ষ্যে লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন।
আবুল খায়ের ওরফে হিরুর ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক, অযৌক্তিক ও সন্দেহজনক প্রকৃতির লেনদেন করেছেন।
এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলাটি দায়ের করা হয়।