মদনে ৪ জুয়াড়িসহ আটক ৫
Printed Edition
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে জুয়া খেলার অপরাধে চার জুয়াড়িসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নন-এফআইআর প্রসিকিউশন মামলায় চার জুয়াড়িকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার মধ্যরাতে উপজেলার বাগদাইর গ্রামের শাহীন মিয়ার পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে তাদের আটক করা হয়। একই অভিযানে চুরির মামলার আরো এক আসামিকে আটক করে পুলিশ।
আটককৃত জুয়াড়িরা হলেন- বাগদাইর গ্রামের মৃত ইন্নাছ আলীর ছেলে শাহিন মিয়া (৩০), আবুল হোসেনের ছেলে আলমগীর (৩০), মৃত আফসর উদ্দিনের ছেলে ছোটন (৪২) ও করিম উদ্দিনের ছেলে সম্রাট (৪৩)। অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ৪১০ টাকা ও এক বান্ডেল তাস জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন মিয়ার পরিত্যক্ত ঘরের বারান্দায় রাতে মোমবাতি জ্বালিয়ে নিয়মিত জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করে।
মদন থানার ওসি সালাউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুয়া খেলার সময় চারজনকে নগদ টাকাসহ আটক করা হয়। সোমবার দুপুরে জুয়াড়িদের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া চুরির মামলার অপর আসামিকেও সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।