সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
ত্রিশালে কৃষককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মোতালেব হোসেন (৫৫) ধানক্ষেত দেখতে গিয়ে হত্যার শিকার হন। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন ওই এলাকার মৃত সাইফুল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মোতালেব হোসেন মাগরিবের নামাজের আগে নিজ চাষকৃত ধানক্ষেত দেখতে যান। পরে রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেতে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহতের শরীরের ঘাড়, মাথা ও হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ অফিস।
খাদ্যবান্ধব ডিলারের কাছে চাঁদা দাবি
রাজশাহীর পুঠিয়ায় বেলপুকুর ওয়াহেদ আলী নামের এক খাদ্যবান্ধব ডিলারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে সরকারদলীয় নেতাদের বিরুদ্ধে। বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী ওই ইউনিয়নের বাঁশপুকুর বাজারের খাদ্যবান্ধব ডিলার। গত মঙ্গলবার পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার বাঁশপুকুর বাজারে খাদ্য বান্ধবের চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়। চাল বিক্রয় শুরু করার কিছুক্ষণ পর বাঁশপুকুর গ্রামের আসলামের ছেলে ও জিয়া মঞ্চ পুঠিয়া উপজেলার সদস্য সচিব লিটন, মৃত আজিমুুদ্দিনের ছেলে ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোস্তাকিন এবং এছার আলীর ছেলে ও ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ওয়াহেদ আলীর কাছে চাঁদা চান। চাঁদা না দিলে তারা তার বিক্রয় কার্যক্রম বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। পরে অভিযোগ পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে চাঁদাবাজরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা।
কোটচাঁদপুরে কৃষি বিষয়ক কর্মশালা
ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্র্যাক সিডের উদ্যোগে ‘কৃষিতে আধুনিক হয়েছে উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় পৌরপাঠাগার মিলনায়তনে বীজ ব্যবসায়ী আলহাজ মো: রফিকুল আখতার মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো: কামরুল হাসান রিজিওন্যাল ম্যানেজার সিড অ্যান্ড এগ্রো: চুয়াডাঙ্গা ও হারুনার রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি অফিসার মো: জাহিদ হোসেন বলেন, ব্র্যাক সিডের নতুন উদ্ভাবন হাইব্রিড ধান-১০ আমন মৌসুমে কৃষকদের অধিক ফলন পেতে বিশেষ সাহায্য করবে। কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা।
দায়িত্ব ফিরে পেলেন পটুয়াখালীর ৮ চেয়ারম্যান
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর ও চরবোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজির সরদারসহ জেলার আটজন ইউনিয়ান পরিষদ চেয়ারম্যান আদালতের নির্দেশে তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিযোগ ও প্রশাসনিক জটিলতার কারনে তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে সীমাবদ্ধতার মধ্যে ছিলেন। তবে সর্বশেষ আদালতের নির্দেশনার পর তারা পুনরায় স্বাভাবিকভাবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। এদিকে চরবোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজির সরদারকে ঘিরে অতীতের কিছু অভিযোগ নতুন করে আলোচনার এসেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার বিরুদ্ধে ২০১৭ ও ২০২০ সালের নির্বাচনে ভোট কারচুপি এবং রাজনৈতিক কর্মীদের ওপর হামলা-নির্যাতনের অভিযোগ পর্বে আলোচিত ছিল। এ বিষয়ে দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বাশার জানান, ২০১৭ সালের চরবোরহান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আমার ওপর হামলা হয়। আমি তিন দিন চরবোরহান ইউনিয়নে আত্মগোপনে ছিলাম এবং অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। চেয়ারম্যানরা জানিয়েছেন, আদালতের এ রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন এবং এখন থেকে জনগণের সেবা আরো জোরদারভাবে পরিচালনা করবেন। দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।
নওগাঁয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশী অস্ত্র ও ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল বুধবার নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের ছমিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খোরশেদ মণ্ডলের ছেলে আজাহার আলী (৪৫), জামাল মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর হোসেনের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), খোরশেদ মণ্ডলের ছেলে হাসান (৩০), বগুড়া জেলার গাবতলী উপজেলার আনারুল হকের ছেলে রনি (৩২) ও মান্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)। নওগা প্রতিনিধি।
সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ট্রলার ডুবি
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে ঝড়ের কবলে কোস্টারের ধাক্কায় ফেরিঘাটে নোঙ্গর করা ফেরির মাস্তুল ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ফেরিঘাটে একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বিকেলে হঠাৎ কালবৈশাখীতে সন্ধ্যা নদীতে ঢাকা থেকে ভারতগামী একটি কোস্টার জাহাজ এমবি নুরে এ রওজা-৫ নোঙর করার সময় কাউখালী সোনাকুর ফেরিঘাটে গিয়ে আছড়ে পড়ে। এ সময় সড়ক ও জনপদ বিভাগের একটি ফেরি জাহাজের ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফেরির সাথে বাঁধা নদী পারাপারের জন্য সুমাইয়া নামে একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
বিস্ফোরক মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী ও চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ। নাসিরনগর থানা পুলিশ। গতকাল দুপুরে নাসিরনগর উপজেলা সদর থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। এ মামলার আসামি হলেন- গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আজহারুল হক চৌধুরী ও চাতল পাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন রফিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত শ্রী কৃষ্ণ। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।
মাদারগঞ্জে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকারি ফুয়েল কার্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জালিয়াতি করে তেল উত্তোলনের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে প্রশাসন। এ সময় তাদের ব্যবহৃত দুইটি গাড়িও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে মাদারগঞ্জউপজেলার তুহিন মৌসুমী ফিলিং স্টেশনে একটি গাড়ি নিয়ে এসে সরকারি ফুয়েল কার্ড প্রদর্শন করে তেল নিতে চান দুই যুবক। কার্ডের কাগজপত্রে অসঙ্গতি দেখে ফিলিং স্টেশনের টেক অফিস তৌফিকুল ইসলাম খালেক সন্দেহ করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করার বিষয়টি ধরা পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করেন। একই সাথে জব্দ করা হয় তাদের ব্যবহৃত গাড়িটি। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের ১৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।