শফিক-বাবরের ব্যাটে পাকিস্তানের জবাব
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালোই জবাব দিচ্ছে সফরকারী পাকিস্তান। আবদুল্লাহ শফিকের অপরাজিত সেঞ্চুরি (১০৭*) ও বাবর আজমের অপরাজিত হাফ সেঞ্চুরির (৮৬*) সুবাদে ম্যাচে শক্ত অবস্থানে ফিরেছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ দুই উইকেটে ২৬৬ রান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৪৪ রানের জবাবে এখনো ৭৮ রানে পিছিয়ে রয়েছে তারা।
দিনের নায়ক ওপেনার আবদুল্লাহ শাফিক। দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক পূর্ণ করেন তিনি। ২০২৪ সালের পর এটিই তার প্রথম টেস্ট সেঞ্চুরি। অন্য প্রান্তে সাবলীল ব্যাটিং করে অপরাজিত ৮৬ রান নিয়ে দিন শেষ করে সেঞ্চুরির অপেক্ষায় বাবর আজম। দু’জনের অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটিতে বড় চাপ থেকে বেরিয়ে আসে পাকিস্তান। তবে গতকাল তৃতীয় দিনের শুরুতে মাত্র ২ রান যোগ করে ৮৮ রানে রানআউটের ফাঁদে পরেন।
এর আগে আজান আওয়াইস ৫৬ রানের ঝকঝকে ইনিংসে জবাব দিতে শুরু করে পাকিস্তান। ইমাম-উল-হক দ্রুত আউট হলেও এরপর শফিক ও বাবর দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশ করেন।
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
মাইকেল স্মিথকে দুই বছরের চুক্তিতে জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি গতকাল নিশ্চিত করে পিসিবি। ৪৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার ও কোচ পাকিস্তানের সাদা ও লাল বলের সংস্করণে দলের সাথে কাজ করবেন।