জমি জটিলতায় থমকে আছে রানাভোলার সড়কের কাজ
Printed Edition
তুরাগ সংবাদদাতা
রাজধানীর উত্তরার তুরাগ থানার রানাভোলা তিতাসপাড়ার ৩ নম্বর সড়কের কাজ দীর্ঘ দিন ধরে ঝুলে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটি অসম্পূর্ণ থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ফলে দৈনন্দিন কেনাকাটাসহ জরুরি প্রয়োজনে হেঁটে বা মাথায় করে মালামাল বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়কটির কাজ শেষ হলে রানাভোলা ও তিতাসপাড়াসহ পুরো তুরাগ এলাকায় যাতায়াত ব্যবস্থা সহজ হবে।
সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, আগে এ এলাকায় হাঁটু পানি জমে থাকত। তখন ড্রেনেজ ও স্যুয়ারেজের কাজের স্বার্থে স্থানীয়রা জমি ছেড়ে দিতে রাজি হয়েছিলেন। ড্রেনেজ ব্যবস্থা চালুর পর জলাবদ্ধতা দূর হলেও এখন সড়কের কাজের জন্য সীমানা ছাড়তে কিছু স্থানীয় বাসিন্দা গড়িমসি করছেন।
ভুক্তভোগী হাবিবুর রহমান হাবিবের অভিযোগ, সরকারি কোনো ম্যাজিস্ট্রেট বা প্রতিনিধির উপস্থিতি ছাড়াই স্থানীয় প্রভাবশালীরা কেবল তার বাড়ির অংশে চাপ দিয়ে সীমানা প্রাচীর ভেঙেছেন। সমহারে উভয় পাশে জমি ছাড়ার কথা থাকলেও কেবল এক পাশের বাড়ি ভেঙে রাস্তা করা হচ্ছে, অপর পাশের প্রভাবশালী বাড়িওয়ালাদের জমি ছাড়ে বাধ্য করা হচ্ছে না।
অন্যদিকে, স্থানীয় অধিবাসীদের দাবি, হাবিবুর রহমান সমহারে জমি ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেও নিজের সীমানা প্রাচীর পুরোপুরি সরিয়ে না নেয়ার কারণেই কাজ বিলম্বিত হচ্ছে।