ইনফান্তিনোর পরিকল্পনা জানতেন না ওয়েঙ্গার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার বলেছেন, ফিফার প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা বাতিল করা ছিল ‘অবশ্যই প্রয়োজনীয়’ সিদ্ধান্ত। এক বিবৃতিতে তিনি জানান, স্বচ্ছতা, জবাবদিহি ও স্বাধীনতার স্বার্থেই এই প্রকল্প প্রত্যাহার করা উচিত ছিল।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নতুন পরিকল্পনায় ফিফার ২১১ সদস্য দেশের প্রতিটি ফুটবল সংস্থাকে চার কোটি মার্কিন ডলার দেয়ার প্রস্তাবও দেয়া হয়েছিল। তবে উয়েফার ৫৫ সদস্য দেশ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকি দিলে ব্যাপক চাপের মুখে পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। ওয়েঙ্গার জানান, তিনি এই পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন না এবং গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি প্রথম জানতে পারেন। তিনি বলেন, একটি স্বাধীন ফিফাই বিশ্ব ফুটবলের স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা করতে পারে। এ দিকে ওয়েলসের পর এবার সার্বিয়া ও সুইডেনও ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে আবার নির্বাচনে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। একই পথে হাঁটতে যাচ্ছে ইংল্যান্ডও।