নিউ ইয়র্কের বাজেট ঘাটতি মোকাবেলায় ১.৫ বিলিয়ন ডলার পাচ্ছে মামদানি প্রশাসন

Printed Edition

নিউ ইয়র্ক প্রতিনিধি

নিউ ইয়র্ক সিটির বিশাল বাজেট ঘাটতি মোকাবেলায় মেয়র জোহরান মামদানির প্রশাসনকে আগামী দুই বছরে অতিরিক্ত ১.৫ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্য গভর্নর ক্যাথি হোকুল। সোমবার এক বিবৃতিতে তিনি এই নতুন তহবিলের ঘোষণা দেন।

গভর্নর হোকুল জানান, এই তহবিল নগর সেবাগুলোকে সুরক্ষা দেবে এবং সিটিকে আর্থিকভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। বর্তমানে মেয়র মামদানির বাজেট প্রণয়নকারীরা প্রায় ৭ বিলিয়ন ডলারের রাজস্ব ঘাটতি নিয়ে কাজ করছেন। হোকুল বলেন, ‘একটি শক্তিশালী নিউ ইয়র্ক সিটি মানেই একটি শক্তিশালী নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। নিউ ইয়র্কবাসী প্রত্যাশা করে রাজ্য ও সিটি মিলেমিশে কাজ করবে।’

আগামী দুই বছরে ধাপে ধাপে এই অর্থ বরাদ্দ করা হবে। এর মধ্যে ৫১০ মিলিয়ন ডলার ব্যয় হবে জনস্বাস্থ্য ও যুব কর্মসূচির ব্যয় নির্বাহে। এ ছাড়া আরো ৫০০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে ‘সমন্বিত অগ্রাধিকারমূলক’ বিভিন্ন খাতে। এর আগে হোকুল সিটিতে দুই বছর বয়সী শিশুদের বিনা মূল্যে শিশুযতœ কর্মসূচির জন্য ১.৭ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিলেন।

গভর্নরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র জোহরান মামদানি বলেন, এটি সিটি হল ও অ্যালবানির মধ্যে একটি নতুন ও ফলপ্রসূ সম্পর্কের সূচনা করবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘কর্মজীবী নিউ ইয়র্কবাসী এই বাজেট সঙ্কট সৃষ্টি করেনি, তাই এর মাশুলও তাদের দেয়া উচিত নয়।’ মামদানি এনওয়াইপিডি (ঘণচউ) বা অন্যান্য নগর সেবায় কোনো কাটছাঁট করবেন না বলেও আশ্বস্ত করেছেন।

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ঘরানার মেয়র মামদানি বাজেট ঘাটতি মেটাতে এবং তার সামাজিক কর্মসূচি যেমন- টিউশন-ফ্রি কলেজ শিক্ষা ও বিনা মূল্যে বাস পরিষেবা নিশ্চিত করতে শহরের শীর্ষ ধনী ও বড় করপোরেশনগুলোর ওপর নতুন সম্পদ কর আরোপের প্রস্তাব দিয়েছেন। তবে গভর্নর হোকুল আগামী অর্থবছরের বাজেটে সাধারণ কর বৃদ্ধির বিষয়ে এখনো সায় দেননি, যদিও সার্বজনীন শিশুযতœ প্রকল্পের জন্য কর বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি।

উল্লেখ্য, নিউ ইয়র্ক সিটিই নয়, খোদ নিউ ইয়র্ক অঙ্গরাজ্য নিজেও বর্তমানে ১০ বিলিয়ন ডলারের বেশি বাজেট ঘাটতির মুখে রয়েছে। ফেডারেল ব্যয় সঙ্কোচন ও তহবিল স্থগিত হওয়ায় এই আর্থিক সঙ্কট আরো ঘনীভূত হয়েছে।