লেবাননে ইসরাইলের খেলার মাঠ বানানোর দাবি উগ্রপন্থী মন্ত্রীর

Printed Edition

আনাদোলু এজেন্সি

লেবানন যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো ধরনের যুদ্ধবিরতির উদ্যোগ সরাসরি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন ইসরাইলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সোমবার ইসরাইলের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেএএন-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লেবানন মূলত ‘ইসরাইলের খেলার মাঠ’ হওয়া উচিত। ইসরাইল যাতে কোনোভাবেই এই যুদ্ধবিরতি মেনে না নেয়, সেই কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দিতে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছেন।

বেন-গভিরের মতে, ট্রাম্প একজন প্রকৃত বন্ধু হলেও ইসরাইলকে নিজের স্বার্থেই লেবাননে যুদ্ধবিরতি এড়িয়ে চলতে হবে। তিনি দাবি করেন, ইসরাইল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলেই তাদের সেনারা রণক্ষেত্রে সফলতা পাচ্ছে। লেবানন সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক নিয়ে ইসরাইলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে চলমান তীব্র মতভেদের মাঝেই এই মন্তব্য করলেন বেন-গভির। আমেরিকার মধ্যস্থতা এবং ইরান ও হিজবুল্লাহকে কেন্দ্র করে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতা নিয়ে তেল আবিবের নীতিনির্ধারকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।