বিদায় নিশ্চিত হলো পাঁচ দেশের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনো শেষ হয়নি। তবে প্রথম দুই দফার ম্যাচ শেষ হতেই পাঁচটি দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। টানা দুই ম্যাচে হেরে শেষ বত্রিশে ওঠার সব সম্ভাবনা হারিয়েছে তারা। ৪৮ দলের এই বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে মোট ১৬টি দল বিদায় নেবে। প্রতিটি গ্রুপের তলানিতে থাকা দলগুলোর পাশাপাশি সবচেয়ে বাজে রেকর্ডধারী চারটি তৃতীয় স্থান পাওয়া দলও টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে বিদায় নেয়া পাঁচটি দল হলো- হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্দান ও পানামা।
হাইতি : ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল হাইতি। তবে প্রত্যাবর্তনের গল্পটা সুখকর হয়নি। স্কটল্যান্ডের কাছে ১-০ ও ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে তাদের বিদায় নিশ্চিত হয়েছে।
তুরস্ক : ইউরোপের প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত তুরস্কের। অস্ট্রেলিয়ার কাছে ২-০ ও প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে শেষ বত্রিশের আশা শেষ হয়ে যায় তাদের।
তিউনিসিয়া : এখন পর্যন্ত আফ্রিকার একমাত্র দল হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার। সুইডেনের কাছে ৫-১ ও জাপানের বিপক্ষে ৪-০ ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
জর্দান : বিশ্বকাপের অভিষেক আসরে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিল জর্দান। কিন্তু এশিয়ার এই দলটিই প্রথম মহাদেশীয় প্রতিনিধি হিসেবে শেষ বত্রিশের দৌড় থেকে ছিটকে পড়েছে। পরিসংখ্যানের হিসেবে তাদের আর এগিয়ে যাওয়ার সুযোগ নেই। তারা হেরেছে অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে।
পানামা : ইংল্যান্ডের গ্রুপ ‘এল’-এ থাকা পানামাও বিদায় নিশ্চিত করেছে। ঘানা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে টানা ১-০ ব্যবধানে হেরে তাদের বিশ্বকাপ অভিযানও শেষ হয়ে গেছে।