আত্মসম্মান নিয়ে ফিরতে চায় তিউনিসিয়া
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল ভোর ৫টায় মুখোমুখি হচ্ছে তিউনিসিয়া ও নেদারল্যান্ডস। দুই দলের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এক দিকে নেদারল্যান্ডস আত্মবিশ্বাস নিয়ে নকআউটের পথে এগোতে চাইছে অন্য দিকে তিউনিসিয়া ইতোমধ্যেই বিদায় নিশ্চিত করে ফেলেছে এবং এখন তাদের লক্ষ্য সম্মান নিয়ে টুর্নামেন্ট শেষ করা।
রোনাল্ড কুমানের দল শেষ ম্যাচে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির বার্তা দিয়েছে। তার আগে জাপানের সাথে ২-২ ড্র করলেও আক্রমণে ধার এবং সুযোগ তৈরির সক্ষমতা চোখে পড়েছে। বিশেষ করে ডান প্রান্ত দিয়ে তাদের আক্রমণ ছিল অত্যন্ত কার্যকর। রাইট-ব্যাক ডেনজেল ডামফ্রিস ধারাবাহিকভাবে আক্রমণে উঠে এসে দলকে গতি দিয়েছেন এবং কোডি গাকপোর সাথে তার সমন্বয় প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মাঝমাঠে নেদারল্যান্ডসের খেলার কেন্দ্রবিন্দু ফ্রেংকি ডি ইয়ং। বলের নিয়ন্ত্রণ, আক্রমণ গঠন এবং খেলার ছন্দ ধরে রাখার দায়িত্ব মূলত তার ওপর। রক্ষণে অভিজ্ঞ অধিনায়ক ভার্জিল ফন ডাইক এখনো দলের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ। কোচ কুমানের লক্ষ্য শুধু গ্রুপ পার হওয়া নয় বরং দীর্ঘ দিনের বিশ্বকাপ আক্ষেপ ঘুচিয়ে দলকে শিরোপার লড়াইয়ে রাখা। অন্য দিকে তিউনিসিয়ার বিশ্বকাপ অভিযান হতাশায় ভরা। সুইডেনের কাছে ৫-১ এবং জাপানের কাছে ৪-০ ব্যবধানে হারের পর তারা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। সুইডেন ম্যাচের পর প্রধান কোচ সাবরি লামুশিকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় এবং অভিজ্ঞ হার্ভে রেনার্ডকে দায়িত্ব দেয়া হয়েছে দলকে শেষ ম্যাচে ইতিবাচকভাবে শেষ করানোর জন্য। তিউনিসিয়ার মাঝমাঠে নেতৃত্ব দেবেন অধিনায়ক এলিয়েস স্কিরি, আর সৃজনশীলতার দায়িত্ব থাকবে হ্যানিবাল মেজব্রির ওপর। আক্রমণে ইলিয়াস আচৌরির গতি গুরুত্বপূর্ণ হতে পারে।