যুক্তরাষ্ট্রের উদ্দেশে ড্রেসিংরুমে ইরানের চিঠি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বের আশা জিইয়ে রেখেছে ইরান। ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের ড্রেসিংরুমে আয়োজকদের উদ্দেশে একটি চিঠিও রেখে গেছে দলটি। সেখানে শহরটির আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মর্যাদা নিয়ে বিদায় নেয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশ করা হাতে লেখা সেই চিঠিতে বলা হয়, ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান। ইরানের চেতনা এখনো জীবন্ত ও অটুট। লস অ্যাঞ্জেলেস, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা গর্ব নিয়ে এসেছি, সম্মানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।’ এ ছাড়া দুই ম্যাচে দলকে সমর্থন দেয়া ইরানি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। দলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বার্তাটি শেষ করা হয় বিশ্বশান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও জাতিগুলোর মধ্যে বন্ধুত্বের আহ্বানের মাধ্যমে।
চিঠিতে #১৬৮ ও #মিনাব হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে, যা ইরানের মিনাব শহরের একটি স্কুলে বোমা হামলার ঘটনায় নিহত শিশুদের স্মরণে ব্যবহৃত প্রতীক হিসেবে পরিচিত। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সঙ্ঘাতের সময় ওই হামলায় বহু শিক্ষার্থী নিহত হয়।