ফরিদপুরে এক প্রসূতির ৫ সন্তানের জন্ম

Printed Edition

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক প্রসূতি একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের কিছুক্ষণ পর একটি নবজাতকের মৃত্যু হয়েছে। জীবিত চার নবজাতক ও মা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবকদিয়া গ্রামের মোছা: চাঁদনী আক্তার, স্বামী হাসান শেখ গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে প্রসববেদনা নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের তত্ত্বাবধানে বিকেল সাড়ে ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ সন্তানের জন্ম দেন।

জন্মের পরপরই একটি নবজাতকের মৃত্যু হয়। বাকি চার নবজাতককে হাসপাতালের নবম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। প্রসূতি চাঁদনী আক্তারও চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও চার নবজাতকের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে।

চিকিৎসকদের আশা, যথাযথ পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে মা ও চার নবজাতক সুস্থ হয়ে উঠবে।