লুটপাটের কারণেই আগের শাসকরা দেশ ছেড়েছে : প্রতিমন্ত্রী টুকু

Printed Edition

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে আগের শাসকেরা হত্যা, গুম ও নির্যাতনের পথ বেছে নিয়েছিল। কিন্তু দুর্নীতি ও লুটপাটের কারণে জনরোষের মুখে তারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়।

গতকাল শুক্রবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির আগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। অন্যায়, দুর্নীতি ও লুটপাটের পরিণতি একদিন ভোগ করতেই হয়। জনগণের রায়ের বাইরে গিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না।’

মাছের প্রজনন মৌসুমে নদ-নদীতে মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি মা মাছ বিপুলসংখ্যক পোনা উৎপাদন করতে পারে। প্রজননের সময় মাছ সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং জেলেরা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন। কয়েক মাস সংযম দেখালে পরবর্তী সময়ে অনেক বেশি মাছ পাওয়া সম্ভব হবে।

উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায় সভায় উদ্বোধকের বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

সভায় বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো: খালেদ কনক। পথসভা শেষে উচিতপুর এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।