ভুরুঙ্গামারীতে স্কুল ফিডিংয়ে ছত্রাকযুক্ত বনরুটি

Printed Edition

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া ‘স্কুল ফিডিং’ কর্মসূচির বনরুটিতে সবুজ ফাঙ্গাস বা ছত্রাক পাওয়ার অভিযোগ উঠেছে। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন চরম গাফিলতিতে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, এই নি¤œমানের ও নষ্ট খাবার খেয়ে শিশুরা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। কোমলমতি শিশুদের স্বাস্থ্য নিয়ে অবহেলা করা এই সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার সোনাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা বনরুটিতে গত বৃহস্পতিবার স্পষ্ট সবুজ ছত্রাক দেখা যায়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে জড়ো হয়ে প্রতিবাদ জানান। ওই দিন দুপুরে মাসুদ রানা নামে এক অভিভাবক ছত্রাকযুক্ত সেই বনরুটি নিয়ে উপজেলা শিক্ষা অফিসে হাজির হন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোবাশ্বের আলীকে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

কয়েকজন অভিভাবক জানান, বনরুটিগুলো শিক্ষার্থীদের দুপুরের টিফিন হিসেবে দেয়ার কথা ছিল। কিন্তু শিক্ষকরা প্যাকেট খোলার পর সেগুলোতে সবুজ রঙের ছত্রাক দেখতে পান, যা সম্পূর্ণ খাওয়ার অনুপযোগী। সোনাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম বলেন, বনরুটিতে ফাঙ্গাস দেখামাত্রই আমরা সেগুলো শিক্ষার্থীদের দেয়া বন্ধ করে দিই এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করি।

বিদ্যালয় পরিদর্শন শেষে সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা রুটিতে ছত্রাক পাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এ বিষয়ে স্কুল ফিডিং কর্মসূচির বনরুটি সরবরাহকারী সংস্থা ইএসডিওর প্রতিনিধি মনজু আলম দাবি করেন, প্যাকেটে মেয়াদ থাকার পরও ঠিক কী কারণে বনরুটিতে এভাবে সবুজ ফাঙ্গাস পড়েছে, তা আমরা খতিয়ে দেখছি।