রাতে সড়কের কার্পেটিং ভিডিও করায় সাংবাদিককে হুমকি

Printed Edition

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুর বাইপাস সড়কে রাতের আঁধারে কার্পেটিং করার ভিডিও ধারণ করায় দেশ টিভি ও দৈনিক ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি অভিজিৎ ঘোষকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। কাজের সাব-ঠিকাদার ফরহাদ মণ্ডল গতকাল শুক্রবার দুপুরে ফোনে ওই সাংবাদিককে এই হুমকি দেন।

এর আগে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন ওই সড়কের কার্পেটিংয়ের কাজ চলছিল। সাংবাদিক অভিজিৎ ঘোষ রাতের আঁধারে কাজ করার দৃশ্য ভিডিও করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হন সাব-ঠিকাদার ফরহাদ মণ্ডল। গতকাল দুপুরে তিনি সাংবাদিক অভিজিৎকে ফোন করে অত্যন্ত আপত্তিকর ও অশালীন ভাষায় গালিগালাজ করেন। একই সাথে তাকে দেখে নেয়ার এবং রাস্তায় আসতে বাধ্য করার হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, রাতের আঁধারে কাজ করার ভিডিওটি আমি দেখেছি। তবে সাব-ঠিকাদার ফরহাদকে আমি চিনি না। সাংবাদিককে হুমকি দেয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।