টঙ্গীতে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে অস্ত্রের মহড়া
মামলা, গ্রেফতার ১১
Printed Edition
মোহাম্মদ আলী ঝিলন গাজীপুর
গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানার ঝুট (কাপড়ের বর্জ্য) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও মোটরসাইকেল মহড়ার ঘটনায় বিএনপি ও যুবদলের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৮০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিকে মামলার এক আসামি ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলুকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, গত বুধবার গভীর রাত ও বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল খাঁবরী (২৮) ও নয়নকে (২০) গ্রেফতার করা হয়। এর আগে মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) ও রনি খাঁকে (৩৯) গ্রেফতার করা হয়েছিল। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদি ব্যবসায়ী নুরুজ্জামান জামান এজাহারে অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে টঙ্গী শিল্পাঞ্চলে ঝুট ব্যবসার সাথে যুক্ত। গত ২৭ জুন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডল ও তার সহযোগীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে পরদিন শতাধিক মোটরসাইকেল নিয়ে অস্ত্রসহ তারা এলাকায় মহড়া দেয়। এ সময় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে প্রবেশ করে ভয়ভীতি দেখানো হয় এবং তার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করা হয়।
এ মোটরসাইকেল মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। টঙ্গী বিসিক শিল্পাঞ্চলের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন ঘটনায় শিল্পাঞ্চলে নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। তারা নিরপেক্ষ তদন্ত এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মামলার প্রধান আসামি নাজমুল হোসেন মণ্ডলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ভিডিও ফুটেজ, সিসিটিভি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কারা ঘটনায় অংশ নিয়েছে এবং কার কী ভূমিকা ছিল, তা যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে। তদন্তে যুবদলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, মামলার আসামি কামাল হোসেন বুলুকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির দফতর সম্পাদক মিজানুর রহমান বেপারীর সই করা বহিষ্কারপত্রে এ তথ্য জানানো হয়েছে।
গত ২২ মে শ্রীপুরে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা ও শ্রমিকবাহী বাস থেকে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। ২১ এপ্রিল কালিয়াকৈরে একটি কারখানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয় অন্তত আটজন। এর আগে ৭ মার্চ মহানগরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।