বয়স্কভাতা পাননি রশিদ প্রধান

Printed Edition

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় মরাধন গ্রামের বাসিন্দা মো: রশিদ প্রধানের বয়স ৭০ বছর। বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়ে ফেললেও এখনো তিনি সরকারি বয়স্ক ভাতার আওতায় আসতে পারেননি। ফলে শেষ বয়সে আর্থিক সঙ্কটের মধ্যেই দিন কাটছে তার। দুই ছেলে ও এক মেয়ের জনক রশিদ প্রধান জানান, বয়সজনিত কারণে তিনি নিয়মিত কাজ করতে পারেন না। বহুবার খোঁজ নিয়েও বয়স্ক ভাতার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, ‘শেষ বয়সে সরকারের এই সামান্য সহায়তা পেলে ওষুধ ও প্রয়োজনীয় খরচ চালাতে কিছুটা স্বস্তি পেতাম।’ স্থানীয়দের অভিযোগ, এলাকায় এখনো অনেক প্রকৃত অসহায় ও যোগ্য প্রবীণ বয়স্কভাতা থেকে বঞ্চিত রয়েছেন। তারা প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই করে দ্রুত ভাতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন, বয়স্কভাতার জন্য পুরুষের ন্যূনতম বয়স ৬৫ বছর। রশিদ প্রধান অনলাইনে আবেদন করে থাকলে পৌরসভার যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, আবেদন ও যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে রশিদ প্রধানকে বয়স্কভাতার কার্ড দেয়া হবে।