এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআরের কর প্রশাসনের সদস্য আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো: আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। গতকাল সোমবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধানকার্যক্রম পরিচালনা করেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।