মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের মিশন একটাই, মানুষের প্রত্যাশা বেশি, প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে টিম ওয়াইজ কাজ করতে হবে। মন্ত্রণালয়ের সবাই একসাথে কাজ করলে আমরা সফল হবো।
গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্ম দিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরো বলেন, বিগত এক বছরে কী কীঢ কাজ হয়েছে সেটা দেখে বুঝতে পারব কী কী ঘাটতি আছে। তিনি বলেন, দেশটা আমাদের। আগামী ১০০ দিনের মধ্যে আমরা কী করব তার একটি লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে।
আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশে আরো বলেন, আপনারা দীর্ঘ দিন কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেসের বা কার্য বিধিমালার বাইরে আমরা যাবো না। যেখানে যা প্রয়োজন তা পরিস্কারভাবে জানাবেন। তিনি বলেন, রমজানের শেষের দিকে ঈদ উল ফিতরের পূর্ববর্তী সময়ে যাতে শ্রমঘন শিল্পে বা কলকারখানায় কোথাও কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হতে না হতে পারে সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।
পরিচিতিমূলক সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মো: নুরুল হক বলেন, প্রথম তিন মাসের একটা ওয়ার্ক প্লান তৈরি করতে হবে যে প্রথম তিন মাসে আমরা এ কাজগুলো করব। তিনি বলেন, আমরা মানুষকে যেন বলতে পারি যে তিন মাসে আমরা এই কাজগুলো করেছি।
প্রতিমন্ত্রী আরো বলেন, সাবেক উপদেষ্টা বেশ কিছু সাজেশন দিয়ে গেছেন আমরা তার পরামর্শগুলো আমলে নেব। তিনি আরো বলেন, ঈদের সময় কিছু আন্দোলন হয়, সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে কোন জায়গায় বা কোন কোন সেক্টরে হতে পারে সেটি যেন আগেই আমরা সমাধান করতে পারি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও দফতর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।