ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ইউ. কে ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার ভিসির অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ইউ. কে-এর সভাপতি মুহাম্মাদ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষ এলএল.বি. (সম্মান) থেকে এলএল.এম. শ্রেণী পর্যন্ত নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী কিংবা অসচ্ছল ১৫ জন শিক্ষার্থীকে আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বৃত্তি প্রদান করা হবে।