দিনুশার অবিশ্বাস্য প্রতিরোধে শ্রীলঙ্কার ড্র
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অবিশ্বাস্য লড়াই করে ম্যাচ ড্র করেছে শ্রীলঙ্কা। ফলে তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও সিরিজে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। শ্রীলঙ্কার এই প্রতিরোধের মূল নায়ক সোনাল দিনুশা।
ফলোঅন করা শ্রীলঙ্কা ম্যাচের শেষ দিনে ৯ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। দিনুশা ১৩৩ রানে অপরাজিত থেকে লড়াইয়ের নেতৃত্ব দেন। ২৬৪ মোকাবেলা কওে দু’টি ৬ ও ৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এটি চার ইনিংসে তার তৃতীয় সেঞ্চুরি এবং চলতি ম্যাচে দ্বিতীয় শতক। মাত্র নিজের পঞ্চম টেস্ট খেলতে নেমেই অসাধারণ ব্যাটিং দৃঢ়তার পরিচয় দিয়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
দিনের শুরুতে শ্রীলঙ্কা ছিল মাত্র ১৬ রানে এগিয়ে, হাতে ছিল চার উইকেট। ভারতের জন্য জয় নিশ্চিত করতে দ্রুত উইকেট তুলে নেয়া প্রয়োজন ছিল। কিন্তু দিনুশা ও কেশারা নুয়ান্থা ভারতের বোলারদের দীর্ঘ সময় হতাশ করেন। সপ্তম উইকেটে তারা ২৪৬ বলে ১১২ রানের জুটি গড়েন। নুয়ান্থা ৪৬ রান করে আউট হলেও দিনুশা থামেননি।
লাঞ্চের পর প্রথম ওভারেই মানভ সুতার নুয়ান্থাকে ফিরিয়ে জুটি ভাঙেন। এরপর প্রবাথ জয়াসুরিয়াকে ২ রানে ফেরান রবীন্দ্র জাদেজা। তবে লাহিরু কুমারার সঙ্গে দিনুশার ১৭০ বলে ৪৭ রানের জুটি ভারতের জয়কে আরও দূরে সরিয়ে দেয়। কুমারা ৯০ বল মোকাবেলা করে করেন মাত্র ১২ রান।
ভারতের বোলাররা শেষ পর্যন্ত ২৪৩.৪ ওভার বল করেও শ্রীলঙ্কার শেষ ৯টি উইকেট তুলে নিতে পারেননি। ধীরগতির উইকেটে দিনুশা স্পিনারদের বিপক্ষে সুইপ ও রিভার্স সুইপসহ নানা ধরনের শট অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলেছেন। একই সাথে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে ধৈর্য ধরে ব্যাটিং করেছেন তিনি।
শেষ দিকে দিনুশা ও আসিথা ফার্নান্দো আরো ৫৬ বল মোকাবেলা করেন। শ্রীলঙ্কার লিড ২১৬ রানে পৌঁছানোর পর দুই দল ড্র মেনে নেয়। ম্যাচে ভারত ৯ উইকেটে ৫০৩ রান ঘোষণা করেছিল। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৯০ এবং দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৪২৯ রান করে। দিনুশার অসাধারণ প্রতিরোধেই শেষ পর্যন্ত ভারতের জয় থেকে বেঁচে যায় স্বাগতিকরা।