ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই রিয়াল-ইন্টারের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আবার প্রস্তুত। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুমে মূল লিগ পর্ব। প্রথম ম্যাচডের লড়াই দিয়ে শুরু হবে ইউরোপের সেরা ৩৬ ক্লাবের নতুন অভিযাত্রা। প্রথম দিনই মাঠে নামছে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ সবশেষ ২০১০ মৌসুমের চ্যাম্পিয়ন ইতালিয়ান সিরি ‘আ’ ক্লাব ইন্টার মিলান। ম্যানচেস্টার সিটিতে আতিথেয়তা দেবে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে এবারো ৩৬টি দল একই লিগ টেবিলে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি দল আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আটটি ম্যাচ খেলবে। এর মধ্যে চারটি নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে। লিগ পর্ব শেষে সেরা আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফের মাধ্যমে শেষ ষোলোতে ওঠার লড়াই করবে।

প্রথম দিনেই দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলান। এই প্রতিযোগিতার রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন বার্নাব্যুর দলটি। সবশেষ ২০২৪ সালে ইউরোপসেরার ট্রফি ঘরে তুলেছিল মাদ্রিদের দলটি। অপর দিকে ২০২৩ সালে সবশেষ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ১-০তে হেরে রানার্সআপ হওয়া সান সিরোর দলািট চ্যাম্পিয়ন্স লিগে তিনবার শিরোপা ঘরে তুলে। আর ইউরোপের দুই ঐতিহ্যবাহী শক্তির এই লড়াই দিয়েই এবারের আসরের শুরুটা হতে পারে দারুণ উত্তেজনাপূর্ণ। একই দিনে মুখোমুখি হবে পোর্তো ও ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের দুইবার চ্যাম্পিয়ন পর্তুগালের ক্লাব পোর্তো। আর ২০২৩ সালে তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক স্টেডিয়ামে ইন্টারকে ১-০তে হারিয়ে প্রথমবার ইউরোপসেরার মুকুট পরেছিল ইত্তিহাদের দলটি। দুই গুরুত্বপূর্ণ লড়াই ছাড়াও এ দিন বরুশিয়া ডর্টমুন্ড বিপক্ষে খেলবে ভিয়ারিয়াল। ক্লাব ব্রুজের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।

নতুন মৌসুমে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সামনে লক্ষ্য একটাই- আগামী বছরের জুনে মাদ্রিদের এস্তাদিও মেত্রোপলিতানোতে অনুষ্ঠিতব্য ফাইনালে জায়গা করে নেয়া। ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুন ২০২৭। ফাইনাল মঞ্চে জায়গা পেতে সেই পরিচিত মহারণে ইউরোপের রাত আলোকিত হবে তারকাদের ফুটবলে, জমবে কৌশলের লড়াই, আর প্রতিটি ম্যাচের সাথে বাড়বে শিরোপার স্বপ্ন।