হাদির খুনিরা দেশ, গণতন্ত্র ও ইসলামের শত্রু : নজরুল ইসলাম

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তারা দেশ, গণতন্ত্র এবং ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার বাদ-জুমা বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার অকুতোভয় সেনানী শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে আধিপত্যবাদের নীলনকশার অংশ হিসেবে। চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করে দেয়ার লক্ষ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কাজেই খুনিরা দেশের শত্রু। তবে খুন করে কখনো চেতনা ধ্বংস করা যায় না। শহীদ হাদির রক্ত বৃথা যাবে না। ৩৬ জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে এবং কোনো হেজেমনিক ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না, ইনশাআল্লাহ।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও বিআইএ মসজিদের খতিব হজরত মাওলানা সাফওয়ান বিন হারুন আজহারী।

এতে শত শত মুসল্লি শরিক হয়ে শহীদ শরিফ ওসমান হাদির জন্য কান্নাবিজড়িত কণ্ঠে দোয়া করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক ডা: মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি থানা আমির আমীর হোসাইন, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার ও খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া প্রমুখ।