ছাত্রদল নতুন করে সিট দখলের পাঁয়তারা শুরু করেছে : রাবি শিবির সভাপতি

Printed Edition

রাবি প্রতিনিধি

সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদল নতুন করে হল দখল, শিক্ষার্থীদের কাছে চাঁদা দাবি এবং গেস্টরুম কালচার ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

গতকাল বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত ছাত্রদলের অবৈধভাবে হল দখলের বিরুদ্ধে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মুজাহিদ ফয়সাল বলেন, ছাত্রদলের নেতাদের ছাত্রজীবন শেষ হওয়ার এক থেকে দেড় বছর পরও তাদের সিটের বরাদ্দ বাতিল হচ্ছে না। প্রত্যেক হলে ছাত্রদলের চিহ্নিত পদধারী নেতারা অবৈধভাবে অবস্থান করছেন। এ কাজে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করছে। আপনারা যদি গেস্টরুম কালচার, সিট-বাণিজ্য ও হল দখলের রাজনীতি করতে চান, তাহলে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি রাবি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্রশিবিরের নেতাকর্মীদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তা করতে দেয়া হবে না।