বরিশাল নগরীতে অবৈধ পার্কিং ও ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান
Printed Edition
বরিশাল ব্যুরো
বরিশাল নগরীতে অবৈধভাবে পার্কিং এবং ফুটপাথ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বুধবার সকাল ১০টায় নগরীর শহীদ মিনার এলাকা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার শরফুদ্দীন। এ সময় ট্রাফিক বিভাগের একাধিক টিম নগরীর প্রধান সড়ক, ব্যস্ত মোড় ও বাণিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে সড়কের ওপর অবৈধভাবে রাখা যানবাহন সরিয়ে দেয় এবং ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় সড়কের ওপর গাড়ি পার্কিং এবং ফুটপাথ দখল করে দোকান বসানোর কারণে যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
অভিযানকালে বেশ কয়েকটি অবৈধ পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয় এবং কিছু স্থানে তাৎক্ষণিক জরিমানাও করা হয়। পাশাপাশি ফুটপাথ দখলদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে স্থান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। উপ-পুলিশ কমিশনার শরফুদ্দীন বলেন, নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, সড়ক ও ফুটপাথ দখলমুক্ত রাখতে নগরবাসীর সহযোগিতাও কামনা করছি।