নির্যাতনের বর্ণনা বন্দিদশা থেকে গাজায় ফেরা ৬০ ফিলিস্তিনির

Printed Edition

আলজাজিরা

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ৬০ ফিলিস্তিনির শারীরিক অবস্থা ও তাদের নির্যাতনের বর্ণনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সোমবার দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে পৌঁছানোর পর অনেককেই হুইলচেয়ারে করে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেন। যুদ্ধবিরতির প্রথম ধাপের বন্দিবিনিময়ের পর গাজা থেকে এটিই সবচেয়ে বড় বন্দিমুক্তির ঘটনা।

মুক্তিপ্রাপ্তদের অনেকে জানিয়েছেন, দীর্ঘ সময় তারা মারধর, অনাহার, একাকী আটক এবং চিকিৎসা অবহেলার শিকার হয়েছেন। আবদুল্লাহ কিলানি জানান, প্রায় দেড় বছর আটক থাকার সময় তাকে নেগেভ কারাগার ও সেদ তেইমান সামরিক আটককেন্দ্রে রাখা হয়, যেখানে তিনি ও আরেক বন্দী গুলিবিদ্ধ হন। অন্য এক মুক্তিপ্রাপ্ত বন্দী জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বয়সভেদ না করে সবাইকে কংক্রিটের মেঝে বা লোহার পাতের ওপর বসিয়ে রাখা হতো এবং সামান্য কারণেও রাইফেলের বাট দিয়ে মারধর করা হতো। মোহাম্মদ জাবর আল-মাজদালাবি বলেন, প্রায় এক বছর ৯ মাস আটক থাকাকালে বাইরের বিশ্বের সাথে তার সব যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মুক্তির খবরও তিনি জানতে পারেন রেড ক্রসের প্রতিনিধিদের কাছ থেকে।

গাজায় নিহত বেড়ে ৭৩৩৩৩

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যা যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৪ হাজার ২৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে জানা গেছে, গাজায় ইসরাইলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

‘ইয়েলো লাইনের’ সম্প্রসারণ

গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ আরো বিস্তৃত করতে নতুন করে তথাকথিত ‘ইয়েলো লাইন’ সম্প্রসারণ করছে ইসরাইল। ইসরাইলি সংবাদপত্র ‘ইয়েদিওথ আহরোনোথ’ জানিয়েছে, নতুন করে হলুদ কংক্রিটের ব্যারিয়ার আরো পশ্চিমে সরিয়ে নেয়ায় নিরাপদ এলাকা সঙ্কুচিত হচ্ছে এবং হাজারো ফিলিস্তিনি পরিবার আবারো ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।

পশ্চিম তীরে অভিযান, গ্রেফতার ও ঘরবাড়ি ধ্বংস

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে সামরিক অভিযান চালিয়ে অন্তত ১৪ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। একইসাথে তিনটি বসতবাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং কালকিলিয়ায় একটি রেডিও স্টেশন বন্ধ করে সম্প্রচার সরঞ্জাম জব্দ করা হয়েছে।