ইউসিবির ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক
Printed Edition
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো: রীদওয়ানুল হক।
পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্য দিকে মো: রীদওয়ানুল হক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ শফিকুর রহমান
২৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় সমৃদ্ধ মোহাম্মদ শফিকুর রহমান ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের মে মাসে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে ব্যাংকটির একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন এবং সেখানে তিনি করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রয়োরিটি ক্লায়েন্ট একুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সার্ভিস কোয়ালিটি ও ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশন ব্যবসায়িক কাঠামো শক্তিশালীকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন এবং কর্মদক্ষতাভিত্তিক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
মো: রীদওয়ানুল হক
মো: রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতে তার ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এইচএসবিসি, ব্যাংক আলফালাসহ দেশীয় ও বহুজাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে ব্যাংকিং খাতে দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
ইউসিবিতে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির রিটেইল ও এসএমই ব্যবসা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনী ব্যাংকিং সেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে ইউসিবিতে তিনি সব শাখা, উপশাখা নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তার নেতৃত্বে এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংক গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি আরো জোরদার করেছে।
কর্মজীবনে তিনি ব্রুনাই, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব-আমিরাতসহ দেশ-বিদেশে বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি।