বিজিবি-মাদককারবারি গোলাগুলি কক্সবাজার সীমান্তে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের হ্নীলা-হোয়াইক্যং সীমান্তে দু’টি অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় সশস্ত্র মাদককারবারিদের সাথে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সেক্টরের অতিরিক্ত পরিচালকের (অপারেশন) নেতৃত্বে রামু সেক্টর, উখিয়া ও টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে একটি যৌথ টহল দল উখিয়া বিজিবির হ্নীলা বিওপি হতে প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চৌধুরীপাড়া স্লুইস গেট সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় ৮-১০ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা গেলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় আগ্নেয়াস্ত্রে সজ্জিত মাদককারবারিরা টহল দলের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে মাদককারবারিরা বহনকৃত ইয়াবা ফেলে পাশের কেওড়া জঙ্গলে অবস্থান নেয় এবং গুলিবর্ষণ অব্যাহত রাখে। প্রায় ঘণ্টাব্যাপী নাফ নদী ও কেওড়া জঙ্গল সংলগ্ন এলাকায় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পরে চার-পাঁচজন পালিয়ে যায়।

পরে পলাতক মাদককারবারিদের সাথে স্থানীয় একটি সশস্ত্র দুষ্কৃতকারী দলের গোলাগুলির ঘটনা ঘটে। অতিরিক্ত টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চৌধুরীপাড়া গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে মঙ্গলবার রাতে উখিয়া ব্যাটালিয়নের অপর একটি টহলদল হোয়াইক্যং বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে মনিরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।