দক্ষিণ লেবাননের গ্রামে ফের ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ

Printed Edition

আনাদোলু

রোমে যুক্তরাষ্ট্র পরিচালিত সপ্তম ধাপের সমঝোতা বৈঠক শেষ হওয়ার মাত্র কয়েক দিন পরই লেবাননের দক্ষিণ নাবাতিয়েহ প্রদেশের চারটি গ্রামে কামানের গোলা বর্ষণ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। গতকাল রোববার ভোরের দিকে এই আক্রমণের ঘটনা ঘটে। উল্লেখ্য, লেবাননে ইসরাইলি আক্রমণ বন্ধ রাখা এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পথ সুগম করতেই ওই রোম বৈঠকের আয়োজন করা হয়েছিল।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্যমতে, মাইফাদুন এবং জাওতার আল-শারকিয়াহ শহরের মধ্যবর্তী এলাকাগুলোতে টানা কামানের গোলা ছিটানো হয়েছে। এই গোলার আঘাত গিয়ে পড়ে নাবাতিয়েহ আল-ফাওকার সীমান্তবর্তী আলী আল-তাহের পাহাড়সহ জাওতার, মাইফাদুন এবং দোহা কফর রুমমানের সীমানা এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো প্রাণহানি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর পাশাপাশি জাওতার আল-শারকিয়াহ শহরে শক্তিশালী একটি বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিনিধি জানিয়েছেন, পৃথক একটি ঘটনায় বেকা উপত্যকা ও মাউন্ট লেবাননের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। একই সাথে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের আকাশসীমায় চক্কর দিয়েছে চালকবিহীন ড্রোন।

অথচ গত বৃহস্পতিবার সমাপ্ত হওয়া রোম আলোচনার ব্যাপারে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ‘ইতিবাচক অগ্রগতি’ অর্জিত হয়েছে বলে উল্লেখ করেছিলেন। এর আগে গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, সশস্ত্র দলগুলোকে অস্ত্রহীন করা এবং হিজবুল্লাহকে নিষ্ক্রীয় করার বিনিময়ে প্রাথমিক বা পাইলট এলাকা হিসেবে চিহ্নিত স্থানগুলো থেকে ধাপে ধাপে দখলকৃত লেবাননী ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছিল। তবে এই উচ্চপর্যায়ের সমঝোতা আলোচনা চলমান থাকা সত্ত্বেও লেবাননের ওপর ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।