‘স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস নেই’
উগান্ডায় ৩টি সংবাদমাধ্যম বন্ধ করলেন সেনাপ্রধান
Printed Edition
বিবিসি
স্বাধীন সাংবাদিকতার ঘোর বিরোধিতা করে উগান্ডার শীর্ষস্থানীয় তিনটি গণমাধ্যম প্রতিষ্ঠানের পথচলা স্তব্ধ করে দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে উগান্ডার সামরিক বাহিনীর এই নজিরবিহীন পদক্ষেপের কথা জানা গেছে।
নিজের কঠোর অবস্থান প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেনাপ্রধান লিখেছেন, তিনি স্বাধীন গণমাধ্যমে বিন্দুমাত্র বিশ্বাস করেন না এবং সংবাদমাধ্যমকে অবশ্যই বিপ্লবের ক্যাডারদের নির্দেশিকা মেনে চলতে হবে। দেশের বর্তমান প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনির সন্তান জেনারেল মুহুজি উগান্ডার সব টেলিভিশন, রেডিও এবং সংবাদপত্র বন্ধের ফরমান জারি করলেও এর সুনির্দিষ্ট কারণ এখনো অন্ধকারের রয়ে গেছে। পূর্ব আফ্রিকার প্রভাবশালী নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন ‘ডেইলি মনিটর’ পত্রিকা জানিয়েছে, রাজধানী কাম্পালায় তাদের প্রধান কার্যালয় সশস্ত্র সেনাসদস্যরা ঘিরে রেখেছে। একই সাথে এনটিভি ও স্পার্ক টিভির সম্প্রচারও সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। মানবাধিকার সংস্থা ও বিরোধীদের মতে, জেনারেল কাইনেরুগাবা তার বাবার দমনমূলক শাসনব্যবস্থার মূল হাতিয়ার হিসেবে কাজ করছেন।