ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ২
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে দুবাইফেরত এক প্রবাসীর গাড়ি থামিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (দক্ষিণ)। গতকাল শুক্রবার সকালে দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের নদিমপুর এলাকার মো: সোহেল ওরফে সোহেল রানা (৪০) এবং হাটহাজারীর ইছাপুর (ফয়জিয়া) বাজার এলাকার জুয়েলার্স দোকানের কর্মী উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)।
পুলিশ জানায়, প্রবাসী শফিউল আলম (৩৮) গত ১৪ ফেব্রুয়ারি দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সকাল সাড়ে ৯টার দিকে ভাড়া করা গাড়িতে করে নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় নিজ বাসার উদ্দেশে রওনা দেন। তার কাছে ছিল চারটি স্বর্ণের নেকলেস, ১০টি আংটি, দু’টি বালা ও তিনটি চেইন। মোট প্রায় ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা।
এ ছাড়া ছিল একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা (মূল্য এক লাখ ১৫ হাজার টাকা), একটি ব্যবহৃত গুগল পিক্সেল সিক্স (৪০ হাজার টাকা), একটি ব্যবহৃত আইফোন ১৫ প্রো (এক লাখ ৩০ হাজার ৩০০ টাকা), একটি ব্যবহৃত ভিভো ওয়াই ১৬ (১৩ হাজার টাকা) এবং একটি ব্যবহৃত ল্যাপটপ (৫০ হাজার টাকা)। আরো ছিল তিন হাজার ৫০০ দুবাই দিরহাম (বাংলাদেশী মুদ্রায় প্রায় এক লাখ ১৯ হাজার টাকা), নগদ ১৩ হাজার টাকা এবং উন্নতমানের কাপড়চোপড় ও খাদ্যসামগ্রী, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
পথিমধ্যে লালখান বাজার এলাকায় ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে ফাইওভারে একটি নোহা গাড়ি তার গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে নেমে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওয়াকিটকি প্রদর্শন করে তার কাছ থেকে মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। ঘটনার পর শফিউল আলম খুলশী থানায় মামলা দায়ের করেন। এর ভিত্তিতে গোয়েন্দা শাখা (দক্ষিণ) ছায়া তদন্ত শুরু করে।
গোয়েন্দা পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে ১৯ ফেব্রুয়ারি দুপুরে কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ইছাপুর বাজারের আমানত শাহ জুয়েলার্সে অভিযান চালিয়ে উত্তম চৌধুরীকে গ্রেফতার করা হয়। সেখান থেকে স্বর্ণ বিক্রির নগদ দুই লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উত্তম চৌধুরীর দেয়া তথ্য অনুযায়ী হাটহাজারী বাজারের এসএম শপিং সেন্টারের ‘বন্ধু সুন্দর জুয়েলার্স’ থেকে ছিনতাইকৃত পাঁচ ভরি ১৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা বিদেশফেরত প্রবাসীদের লক্ষ্য করে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ তিনটি মামলা রয়েছে।