গাজায় শান্তি আনতে ট্রাম্পই সক্ষম : তুরস্ক
Printed Edition
টিআরটি ওয়ার্ল্ড
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসন থামাতে চাপ প্রয়োগের ক্ষমতা একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই রয়েছে। শুক্রবার সংবাদমাধ্যম এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
হাকান ফিদান বলেন, ট্রাম্প প্রভাব বিস্তার করলে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে। তার এ মন্তব্য এসেছে এমন সময়ে যখন ট্রাম্প গাজা পুনর্গঠনে ‘বোর্ড অব পিস’ গঠনের উদ্যোগ নিচ্ছেন এবং বিশ্ব নেতাদের এতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। ফিদান বলেন, তিনি বিশ্বাস করেন যে, ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আছে। গাজায় তুর্কির সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফিদান বলেন, আঙ্কারা শান্তি পরিকল্পনাকে সমর্থন করার জন্য তার সাধ্যমতো সবকিছু করতে প্রস্তুত। তিনি বলেন, তুর্কি গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে ইচ্ছুক। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো মোতায়েন বৃহত্তর আন্তর্জাতিক ঐকমত্যের ওপর নির্ভর করবে।
এ সময় ইরানে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছেন হাকান ফিদান। তিনি বলেন, চাপ বৃদ্ধি করলে পরিবেশ আরো অস্থিতিশীলতার দিকে যেতে পারে। তিনি বলেন, নিষেধাজ্ঞা ইতোমধ্যেই ইরানের অর্থনীতির ক্ষতি করছে এবং অভ্যন্তরীণ বিক্ষোভকে উস্কে দিচ্ছে। তিনি আরো বলেন, তেহরান আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে। তবে তাদের কোণঠাসা করার চেষ্টা করা হলে, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।