ভুতুড়ে বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে দর্শনায় পল্লী বিদ্যুৎ অফিসে বিএনপির অবস্থান

Printed Edition

মনিরুজ্জামান সুমন দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

ভুতুড়ে বিদ্যুৎ বিল, ঘনঘন লোডশেডিং, বিদ্যুৎ বণ্টনে বৈষম্য ও গ্রাহক হয়রানির অভিযোগে চুয়াডাঙ্গার দর্শনা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে দর্শনা পৌর বিএনপি। গতকাল সোমবার দুপুরে কর্মসূচি শেষে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করে সাত দিনের মধ্যে সমস্যার সমাধানের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।

কর্মসূচিতে অংশ নেয়া শতাধিক গ্রাহক অভিযোগ করেন, ভুল মিটার রিডিং, একই মাসে একাধিক বিল এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও বিল বেড়ে যাচ্ছে বলে দাবি করেন তারা।

সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, দর্শনা-জীবননগর এলাকায় দৈনিক প্রায় ১৯ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ১১ মেগাওয়াট। এতে শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

অভিযোগের বিষয়ে দর্শনা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আমিনুল ইসলাম বলেন, বিদ্যুৎ বণ্টনে কোনো বৈষম্য করা হচ্ছে না। সমবণ্টনের সর্বোচ্চ চেষ্টা চলছে। সরবরাহসংক্রান্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কর্মসূচিতে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহবুবুল ইসলাম খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।