পবিত্র রমজান শুরু ১৬ মার্চ পবিত্র লাইলাতুল কদর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার থেকে দেশে পবিত্র রমজান শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় চাঁদ দেখার পর মুসল্লিরা তারাবির নামাজ আদায় করেন। রাতে সাহরি খাওয়ার পর আজ প্রথম রমজানের রোজা আদায় করছেন মুসলিমরা। আগামী ১৬ মার্চ ২৬ রমজান দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি। সভা শেষে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সুখবর দেয়া হয়। সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো: কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, প্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মো: মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, জামেয়া মাহমুদিয়ার প্রধান মুফতি রেজাউল কারীম আবরার প্রমুখ উপস্থিত ছিলেন।