সিন্ধু নদের পানি পাকিস্তানে যাওয়া বন্ধ করছে ভারত

Printed Edition

এনডিটিভি

রবি নদীর উদ্বৃত্ত পানি পাকিস্তানে প্রবাহিত হওয়া বন্ধ করার পরিকল্পনা করছে ভারত। তাই গ্রীষ্মের প্রাক্কালে পাকিস্তানের পানি সঙ্কট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার জম্মু ও কাশ্মিরের মন্ত্রী জাভেদ আহমদ রানা জানান, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ফলে পাঞ্জাব-জম্মু ও কাশ্মির সীমান্তে শাহপুর কান্দি বাঁধের কাজ ত্বরান্বিত হয়েছে এবং প্রকল্পটি এখন সমাপ্তির পথে।

বাঁধটি চালু হলে রবি নদীর অতিরিক্ত পানি পাকিস্তানে যাওয়া বন্ধ করতে সক্ষম হবে ভারত। এর ফলে সিন্ধু অববাহিকার পূর্বদিকের নদীগুলোর পানি ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষিত একটি পরিবর্তন আসতে যাচ্ছে। রানা আরো বলেন, শাহপুর কান্দি বাঁধের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং এর পানি খরাপ্রবণ কাঠুয়া ও সাম্বা জেলায় সরিয়ে নেয়া হবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘পাকিস্তানে যাওয়া উদ্বৃত্ত পানি বন্ধ করা হবে। এটি বন্ধ হওয়া প্রয়োজন। কাঠুয়া ও সাম্বা জেলা খরাকবলিত এলাকা এবং এই প্রকল্পটি আমাদের অগ্রাধিকার, যা কান্দি এলাকার উন্নয়নের জন্য নির্মাণ করা হচ্ছে।’

বর্তমানে রবি নদীর উদ্বৃত্ত পানি মাধোপুর হয়ে ভাটির দেশ পাকিস্তানে প্রবাহিত হয়। এই বাঁধের মাধ্যমে সেই পানি পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মিরে সরিয়ে নেয়া হবে। পাকিস্তানে রবির পানি প্রবাহিত হওয়া বন্ধ করতে প্রায় পাঁচ দশক আগে ১৯৭৯ সালে শাহপুর কান্দি বাঁধ প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল।