একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে : ডা: শফিক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। প্রশাসনকে তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে এবং জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি নিহত সিয়ামের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।
এ দিকে গত রাতে মিরপুর-১৩ এর কেন্দ্রীয় জামে মসজিদে তিনি এশার নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।