লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ জামায়াত কর্মীর মৃত্যু

Printed Edition

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সংসদ নির্বাচনের পূর্বরাতে মৎস্য খামারে দুর্বৃত্তদের দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে আব্বাস উদ্দিন নামে আহত এক ব্যক্তি মারা গেছেন। পরিবার জানায়, তিনি জামায়াত কর্মী ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে ১ নং ওয়ার্ডে জিতু অ্যাগ্রো মৎস্য খামারে এ ঘটনা ঘটে। নিহত আব্বাস উদ্দিন ওই এলাকার মৃত হোসেনের ছেলে। নিহতের ছেলে প্রিন্সসহ স্বজনরা জানায়, নির্বাচনের ভোররাতে একদল দুর্বৃত্ত জিতু অ্যাগ্রো মৎস্য খামারের থাকার ঘরে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর পুড়ে যায়। পরিবারের অন্য সদস্যরা সময়মতো বের হতে পারলেও আব্বাছ গভীর ঘুমে থাকায় বের হতে পারেননি এবং দগ্ধ হন। এতে তার শরীরের বড় একটি অংশ পুড়ে যায়।

তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুপুরেই তাকে ঢাকার বার্ন ইউনিট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়। প্রিন্স আরো জানায়, এর আগেও মৎস্য খামারের বিরোধকে কেন্দ্র করে কয়েক দফায় স্থানীয় ছাত্রদল ও যুবদলের স্থায়ী কয়েক নেতা আমার মা বাবাসহ আমাকেও কুপিয়ে আহত করেছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ওসি ঝলক মোহন্ত বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।